বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫–এর প্রথম দিনেই বড়সড় সাফল্য পেয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
শনিবার উপজেলার শিকারপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, জালে আটকে পড়া জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করেন কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার নেতৃত্বে এই অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করার বিরল দৃশ্যটি প্রত্যক্ষ করতে নদীর দুই পাড়ে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা বলেন, এ ধরনের ঘটনা আগে কখনও দেখেননি তাঁরা এটি নিঃসন্দেহে সচেতনতামূলক একটি ইতিবাচক উদ্যোগ।
এর আগে সকাল ১১টায় পৌরসভা চত্বরে ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
ইউএনও মো. আলী সুজার বলেন, “৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশসহ সব ধরনের প্রজননক্ষম মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারের নির্দেশনায় আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন