কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী বিশেষ অভিযানে ছয়জন সক্রিয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি দল শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক, ২ বিজিবির নেতৃত্বে মানব পাচারবিরোধী এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় স্থানীয় মোছা. শামসুন্নাহার নামের এক নারীর বাড়িতে অবস্থানরত পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায়, তারা মিয়ানমার থেকে অবৈধভাবে লোকজন এনে বাংলাদেশে প্রবেশ করায় এবং পরে তাদের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। এছাড়াও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব লোকজনকে FDMN (Forcibly Displaced Myanmar Nationals) কার্ড সংগ্রহে সহযোগিতা করে আসছিল বলে তারা স্বীকার করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোছা. শামসুন্নাহার (৩৫), হোসনে আরা (৩১), নুরুন্নিসা (৪৯), মোহাম্মদ ইসমাইল (৫০), হারুন (৩৫) ও ইউসুফ আলী (৪৭)। এরা সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অভিযানের সময় পাচার চক্রের আরও দুই সদস্য—কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫) পালিয়ে যায় বলে জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, মানব ও মাদক পাচার রোধে টেকনাফ ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও মানব পাচার দমনেই বিজিবি কাজ করে যাচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন