'পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া' এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
পরে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. মঈনুল ইসলাম এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "সকল মানুষের জন্য পর্যাপ্ত বাসস্থানের মৌলিক অধিকারের উপর জোর দেওয়া, আমাদের শহর ও নগরগুলোর পরিস্থিতি তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ নগর ও গ্রামীণ পরিবেশ তৈরি করার জন্য আমাদের সম্মিলিত ক্ষমতা ও দায়িত্বের কথা বিশ্বকে স্মরণ করিয়ে দেওয়া বিশ্ব বসতি দিবসের অন্যতম উদ্দেশ্য। আমাদের ময়মনসিংহ শহরকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য আমাদের শহরের প্রত্যেকটি ইঞ্চিকে ব্যবহারযোগ্য করে তুলতে হবে। সকলকে এই কাজে সহযোগিতা করতে হবে, যাতে আগামী প্রজন্মকে আমরা একটি সুপরিকল্পিত শহর উপহার দিতে পারি।"
সভাপতি তার বক্তব্যে বলেন, "আমাদের ভূমি ব্যবহারে নির্দিষ্ট কিছু নীতিমালা থাকলেও আমরা সেই নীতিমালা লক্ষ্য করছি না, যা পরিকল্পিত শহর বাস্তবায়নে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই ভূমি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ভূমি নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে।"
এ সময় সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন