ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, “তারেক রহমানের অঙ্গীকার, বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় মডেল মন্দির নির্মাণ করা হবে। আপনারা নির্ভয়ে এ দেশে থাকবেন, এ দেশ আপনাদের-আমাদের সবার। কাউকেই ভারত চলে যেতে হবে না।”
তিনি বলেন, “গত সতেরো বছরে শেখ হাসিনা সারা বাংলাদেশে পাঁচশো পঞ্চাশটি মডেল মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু একটিও মডেল মন্দির নির্মাণ করেননি। অনেক মন্দিরে হামলা-ভাঙচুর হয়েছে, তাতেও তার কোনো বিচার করা হয়নি।”
বুধবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কলাইকান্দা গ্রামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মরণে বাৎসরিক যুব মতুয়া ধর্মীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতি বছর বাংলা আশ্বিন মাসে কলাইকান্দা এলাকায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মরণে এই ধর্মীয় উৎসব পালিত হয়।
তিনি আরও বলেন, “শেখ হাসিনা আপনাদের রেখে তার আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছেন, আপনাদের কথা ভাবেননি। কিন্তু আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।”
অনুষ্ঠান নিশিকান্ত মণ্ডলের পরিচালনায় এবং শংকর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে আগত ২৫টি মতুয়া দল ঢাক-ঢোল, কাশি ও ব্যান্ড পার্টি বাজিয়ে বর্ণিল শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব মিহির কুমার বাবলু, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, পৌর বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন