বুড়িচংয়ে বিয়ে বাড়িতে আগুন, বসতঘর ও প্যান্ডেল পুড়ে ছাই

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৭:৪৫ পিএম
বুড়িচংয়ে বিয়ে বাড়িতে আগুন, বসতঘর ও প্যান্ডেল পুড়ে ছাই

কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর, দুটি গোয়ালঘর, বিয়ের প্যান্ডেল, রান্না করা খাবার, ফ্রিজ, নগদ টাকা এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার ভোর আনুমানিক ৩টার দিকে বুড়িচং পৌরসভার আরাগ আনন্দপুর উত্তরপাড়া এলাকায় (বড় বাড়িতে) এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন বাবু জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর দুটি, গোয়ালঘর দুটি এবং নাজমুল ও রুবলের জেঠাত ভাই নাছিরের ভাতিজি এনামুলের মেয়ের বিয়ের প্যান্ডেল, রান্না করা খাবার, ঘরের তিনটি ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে যায়। তার ধারণা, ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১৫-২০ লাখ টাকা।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বসতঘর, গোয়ালঘর, বিয়ের প্যান্ডেল, রান্না করা খাবার ও ফ্রিজ পুড়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. সাইফুল আলম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি।

ইএইচ