মাগুরা শহরজুড়ে চলছে এক নীরব বিপ্লব-সবুজ বিপ্লব। শহরের প্রবেশমুখ থেকে শুরু করে উপশহর পর্যন্ত প্রতিটি সড়কের ধারে এখন দেখা মিলছে সারি সারি নবরোপিত চারা গাছের। শিবরামপুর সড়ক, মাগুরা-শ্রীপুর সড়ক, পারনানন্দুয়ালী বাইপাস সড়ক, এমনকি মাগুরা–ঝিনাইদহ মহাসড়কের দুই পাশে লাগানো হয়েছে হাজারো ফলজ ও বনজ গাছ। এই ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্যোক্তা মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদের।
দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ধারাবাহিকভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে “সবুজ মাগুরা উদ্যোগ” যার লক্ষ্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলা।
পৌর প্রশাসক আব্দুল কাদের বলেন, মাগুরাকে আমি শুধু সুন্দর নয়, টেকসই শহর হিসেবে দেখতে চাই। গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি ছায়া দেয়, পরিবেশ রক্ষা করে, জীববৈচিত্র্য টিকিয়ে রাখে। তাই শুধু লাগানোই নয়, প্রতিটি গাছ যেন টিকে থাকে সেটিও নিশ্চিত করছি।
তিনি আরও জানান, প্রতিটি চারা বাঁশের খুঁটি ও নীল নেট দিয়ে ঘেরা হয়েছে, যাতে গবাদিপশু বা অসচেতনতায় কেউ ক্ষতি করতে না পারে। পাশাপাশি নিয়মিত পানি দেওয়া ও পরিচর্যার জন্য পৌরসভার কর্মীদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।
মাগুরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক চিন্ময় মল্লিক বলেন, পৌর প্রশাসক আব্দুল কাদেরের এই উদ্যোগ শুধুমাত্র সৌন্দর্যবর্ধনের নয়, এটি পরিবেশ সংরক্ষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, ধুলাবালি ও শব্দ দূষণ রোধে এসব গাছ বড় ভূমিকা রাখবে।
রুবেল হোসেন, স্থানীয় এক ব্যবসায়ী বলেন, গাছ গুলো কর্তনের পরে এই সড়কগুলো দিয়ে হাঁটা ছিল কষ্টকর, রোদ আর ধুলায় ভরা। এখন গাছ রোপণের ফলে ছায়া আর সবুজ পাতায় পথটা অনেক সুন্দর হবে। প্রশাসক সাহেবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
তৃষা আক্তার, সদরের স্থানীয় এক কলেজছাত্রী বলেন, এখন মাগুরা শহরটা যেন বদলে যাচ্ছে। গাছগুলো বড় হলে এটা হবে এক দারুণ পরিবেশবান্ধব নগরী।
পৌরসভার সূত্রে জানা গেছে, বিভিন্ন সড়কের ধারে আম, জাম, কাঁঠাল, লিচু, বেল, গামারি, কৃষ্ণচূড়া ও মহুয়া প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। একদিকে শহরের সৌন্দর্য বাড়বে, অন্যদিকে ফলজ গাছের মাধ্যমে স্থানীয়দেরও উপকারে আসবে।
মাগুরা শহরের সাধারণ মানুষ থেকে পরিবেশবাদী সংগঠন সবাই এখন বলছে, এমন উদ্যোগই পারে বাংলাদেশের নগর উন্নয়নকে টেকসই পথে নিতে।
পরিবেশবাদী সংগঠন সবুজ বন্ধন মাগুরা-এর সভাপতি কামরুল ইসলাম বলেন, অন্যান্য পৌরসভাগুলোকেও এই উদ্যোগ থেকে শেখা উচিত। প্রশাসক আব্দুল কাদেরের নেতৃত্বে মাগুরা সত্যিকারের সবুজ শহরে পরিণত হচ্ছে।
তবে এ বিষয় আব্দুল কাদের জানান, বৃক্ষরোপণ শুধু এক মৌসুমের কাজ নয়। আমরা চাই এই কার্যক্রম সারাবছর চলুক। পরবর্তী ধাপে খালপাড়, স্কুল-কলেজ প্রাঙ্গণ ও পৌর পার্ক এলাকাতেও একইভাবে গাছ লাগানো হবে।
তিনি আরও যোগ করেন, প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। গাছ লাগানো শুধু দায়িত্ব নয়, এটি এক ধরনের সামাজিক আন্দোলন।
মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদেরের হাত ধরে শহরজুড়ে গড়ে উঠছে এক ‘সবুজ বিপ্লব’। তার এই দূরদর্শী উদ্যোগ যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে, তেমনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দিচ্ছে অনুপ্রেরণার বার্তা। মাগুরার নাগরিকদের আশা এই ধারাবাহিকতায় মাগুরা একদিন সত্যিই হয়ে উঠবে ‘বাংলাদেশের সবুজতম শহর’।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন