পঞ্চগড়ে ৩ কলেজে পাশ করেনি কেউ

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:২১ পিএম
পঞ্চগড়ে ৩ কলেজে পাশ করেনি কেউ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি কলেজের কেউ পাশ করেনি।

বৃহস্পতিবার ফলাফল প্রকাশ হলে এই তথ্য জানা যায়।

কলেজগুলো হলো- বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ। প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ জন, আর আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেয় ৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।

মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন বলেন, “আমাদের কলেজ শাখা এমপিওভুক্ত হয়নি। কয়েক বছর ধরে কোনো শিক্ষক নেই। এজন্য একজন পরীক্ষায় অংশ নিলেও পাশ করতে পারেনি।”

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, “ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে, এজন্য কেউ পাশ করতে পারেনি।”

আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, “আমাদের কলেজের চারজনের মধ্যে দুইজন পরীক্ষায় অংশ নিয়েছে। দুইজনই পাশ করার কথা ছিল। আমরা বোর্ড চ্যালেঞ্জ করবো।”

ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, “যেসব প্রতিষ্ঠানের কেউ পাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে শোকজ করা হবে। এই ফলাফলের কারণ খুঁজে বের করে এখান থেকে কিভাবে উত্তরণ করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ