পলিথিনমুক্ত ও পরিষ্কার পরিবেশ বজায় রাখার দায়িত্ব সকলের এ কথা উল্লেখ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) মো. আমিন-উল-আহসান বলেন, বিপিসির জয়পাহাড় এস্টেটে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রটি একটি সবুজ পরিবেশে অবস্থিত। এটিকে পলিথিনমুক্ত ও পরিষ্কার রাখতে হবে। এখানে কোনো গাছ কাটা যাবে না; পাখির অনেক বাসা আছে। আমরা সর্বদা বিভিন্ন পাখির সুন্দর শব্দ শুনতে পাই। তাই পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। আবর্জনা সর্বদা ডাস্টবিনে ফেলা উচিত। আসুন, পরিবেশ দূষণ রোধ করি—পলিথিনমুক্ত দেশ গড়ে তুলি।
তিনি বলেন, প্লাস্টিক দূষণ বন্ধ করতে প্লাস্টিক পণ্য, বিশেষ করে পলিথিন ব্যাগ এড়িয়ে চলার উদ্যোগ নিতে হবে। অন্যথায়, তীব্র প্লাস্টিক দূষণ বিশ্বকে ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।
সোমবার বিকেলে চট্টগ্রামের জামালখানে বিপিসি-মালিকানাধীন জয়পাহাড় এস্টেটে “পলিথিনমুক্ত ও পরিষ্কার জয়পাহাড় এস্টেট” শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিপিসি চেয়ারম্যান বলেন, “আমাদের পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে, সবুজ পরিবেশ বজায় রাখতে হবে। প্লাস্টিক বর্জ্য কমাতে হবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। আমাদের পরিবেশকে ভালোবাসতে হবে—তাই পলিথিন বর্জন করতে হবে। আসুন, পলিথিন এড়িয়ে চলি এবং ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিই একটি পরিচ্ছন্ন পৃথিবী—এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিসি চেয়ারম্যান (সচিব) মো. আমিন-উল-আহসান, এবং সঞ্চালনা করেন বিপিসি সচিব শাহিনা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন—বিপিসির পরিচালক (পরিচালন ও পরিবহন) ড. একেএম আজাদুর রহমান, পরিচালক (অর্থ) নাজনীন পারভীন, পরিচালক (বিপণন) মুহাম্মদ আশরাফ হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার (হিসাব) এটিএম সেলিম, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) মো. আবুল কালাম আজাদ, সিনিয়র জেনারেল ম্যানেজার (বাণিজ্য ও পরিচালনা) মনি লাল দাস, জেনারেল ম্যানেজার (পরিকল্পনা ও উন্নয়ন) ইঞ্জিনিয়ার মো. আমির মাসুদ, জেনারেল ম্যানেজার (অর্থ) মুহাম্মদ মোর্শেদ হোসেন আজাদ, জেনারেল ম্যানেজার (বিতরণ ও বিপণন) মোহাম্মদ মো. জাহিদ হোসেন, বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. আহমাদুল্লাহ, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কুদরত-ই-ইলাহী, পদ্মা অয়েল পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিরুল হাসান, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া এবং বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিপিসির মালিকানাধীন জয়পাহাড় এস্টেটের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত তদারকির জন্য এবং “জয়পাহাড় এস্টেট পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৫” সফলভাবে আয়োজন ও পরিচালনার লক্ষ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন