শরীয়তপুর পৌর শহরের রূপনগর এলাকায় নাজমা বেগম (৪২) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে মালেক মাদবরের চারতলা বাড়ির দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমা বেগম শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় এক সন্তানের মা ও ডিভোর্সি নারী হিসেবে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
তার ভাই আসলাম কাজী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নাজমা তার ছেলে নিরব কাজীকে (১২) পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে পাঠান। দুপুরে নিরব স্কুল থেকে ফিরে এসে দেখে রুমের দরজা খোলা, ভিতরে প্রবেশ করে দেখে তার মা খাটের ওপর উপুড় হয়ে পড়ে আছেন। গলায় গামছা পেঁচানো ও আলমারি খোলা অবস্থায় ছিল।
নিরব জানান, “আমি স্কুল থেকে এসে দেখি দরজা খোলা। ভেতরে ঢুকে মাকে ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না। চিৎকার করলে বাড়িওয়ালা আন্টি দৌড়ে আসেন।”
বাড়ির মালিকের স্ত্রী নাজমুন নাহার বলেন, “ছেলের চিৎকার শুনে আমি রুমে গিয়ে দেখি নাজমার শরীর ঠান্ডা হয়ে গেছে। গলায় গামছা পেঁচানো, আর তার কানের দুল, গলার চেইন ও হাতের আংটি নেই। আলমারিও খোলা। মনে হয় দুর্বৃত্তরা হত্যা করে স্বর্ণালংকার লুট করে পালিয়েছে।”
খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি তালাবদ্ধ করে রাখে এবং ক্রাইম সিন তদন্তের জন্য সিআইডি দলের অপেক্ষা করছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “শরীয়তপুর পৌর শহরের রূপনগর এলাকায় নাজমা বেগম নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, সিআইডি দল এসে তদন্ত শুরু করবে।”
পুলিশের প্রাথমিক ধারণা, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই নাজমাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন