বরগুনায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতায় অংশীজনদের সমন্বয় সভা

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৪:৫৬ পিএম
বরগুনায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতায় অংশীজনদের সমন্বয় সভা

বরগুনায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।

সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মো. শফিউল আলম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক অনিমেষ বিশ্বাস।

এছাড়াও সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল হক হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বিএমএসএফ বরগুনা জেলা সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও অংশীজন।

গ্রাম আদালত প্রকল্পের বরগুনা জেলা ম্যানেজার মো. রকিবুল ইসলাম প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। সঞ্চালনায় ছিলেন উপজেলার কো-অর্ডিনেটর।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সহজ, সুলভ ও দ্রুত বিচার সেবা নিশ্চিত করা সম্ভব। তাই গ্রাম আদালত সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার পাশাপাশি এর কার্যক্রমকে আরও কার্যকর করতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার সুমি বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে মানুষ খুব সহজেই বিচার সেবা পাচ্ছেন। এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সভায় উপস্থিত সকলেই গ্রাম আদালতের প্রচার ও সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর