সিনিয়র সচিব আকমল হোসেন

সঠিক পরিকল্পনায় ময়মনসিংহ হবে আধুনিক ও স্মার্ট নগরী

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৫:০৫ পিএম
সঠিক পরিকল্পনায় ময়মনসিংহ হবে আধুনিক ও স্মার্ট নগরী

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিটি বিভাগ ও শহরকে সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।

তিনি বলেন, “ময়মনসিংহ একটি সম্ভাবনাময় শহর। এখানে শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে দেশের অন্যতম আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তর করা সম্ভব।”

বুধবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “মাস্টার প্ল্যান প্রণয়ন শুধু একটি নকশা নয়, এটি আমাদের ভবিষ্যতের উন্নয়ন রূপরেখা। শহরের জনজীবনের মান উন্নয়ন, যানবাহন ব্যবস্থাপনা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, এবং পরিবেশ রক্ষার মতো বিষয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা, এই মাস্টার প্ল্যানে যেন প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুকে যথাযথভাবে চিহ্নিত করে কার্যকরভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তবেই আমাদের প্রিয় ময়মনসিংহ নগরী পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে পুনরায় গৌরব ফিরে পাবে।”

সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী এবং শিক্ষা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ইএইচ