২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন শাকসবজি আবাদে উৎসাহ দিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আশফাকুর রহমান, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্টরা।
এই প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ২৭০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ১০০ জন কৃষককে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের জন্য এবং ১৭০ জনকে মাঠে ফসল চাষের জন্য সহায়তা দেওয়া হয়েছে।
বসতবাড়িতে চাষের জন্য প্রতিজন কৃষককে ৯ প্যাকেট করে মোট ৯০০ প্যাকেট শাকসবজির বীজ প্রদান করা হয়। অন্যদিকে মাঠ ফসল চাষের জন্য ১৭০ জন কৃষককে লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির ৯ প্যাকেট করে মোট ১,৫৩০ প্যাকেট বীজ এবং প্রত্যেককে ১০ কেজি ডিএপি (DAP) ও ১০ কেজি এমওপি (MOP) সার দেওয়া হয়।
কৃষি কর্মকর্তারা জানান, এই সহায়তা কৃষকদের আগাম শীতকালীন সবজি চাষে উৎসাহিত করবে এবং স্থানীয়ভাবে সবজি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন