ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে তারা।
নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৫০, আনুমানিক)। তিনি ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান মাদানী মসজিদ এলাকার খোরশেদ মণ্ডলের ছেলে।
বুধবার রাতে নগরীর বাইপাস এলাকার নটরডেম কলেজের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ‘হত্যার শিকার মাসুদ রানা ফুলবাড়ীয়ার ভালুকজান এলাকার বাসিন্দা। তিনি শহরে থেকে অটো চালাতেন। দুর্বৃত্তরা তাকে হত্যা করে গাড়িটি ছিনতাই করেছে।’
তিনি আরও জানান, ‘ঘটনাটি কোতোয়ালি মডেল থানার অধীন এলাকায় ঘটেছে। তাই সেখানে মামলার প্রস্তুতি চলছে। ফুলবাড়ীয়া থানা আইনগত প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করছে।’
স্থানীয়দের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালককে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন