ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, হাসপাতালে স্ত্রী-সন্তান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১১:৪৬ এএম
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, হাসপাতালে স্ত্রী-সন্তান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এবাদুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সাজেদা (৪০), পাঁচ বছর বয়সী ছেলে এবং সিএনজিচালক বাদল মিয়া (৩২) আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা-মধুপুর সড়কের হরিপুর এলাকায় 
দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবাদুল হক স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি পিকআপের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন এবাদুল।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএইচআর