চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সম্ভাব্য প্রার্থী এস এম মামুন মিয়া বলেছেন, “আমাকে মনোনয়ন দিতে হবে এমন কোনো কথা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন, আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। মনে রাখতে হবে, আমরা ব্যক্তি নয়, দলের প্রতীক ‘ধানের শীষ’ দেখে ভোট দিই।”
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের মা–বোনদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। কারণ, তারা জানে—মা–বোনেরা ভোট দিতে পারলে ধানের শীষেই ভোট দেবেন। তবে এখন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার ফিরিয়ে এনে ধানের শীষে ভোট দিতে।
মঙ্গলবার বিকেলে কর্ণফুলী উপজেলার আবদুল জলিল চৌধুরী স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মো. নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো. ওসমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ট্রাকটর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলার বিভিন্ন এলাকার ৫০০ দুঃস্থ পরিবারের মাঝে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাল বিতরণ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন