ময়মনসিংহে ১২ তৃণমূল নারীকে সম্মাননা দিল বিএনএনআরসি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০১:৫৬ পিএম
ময়মনসিংহে ১২ তৃণমূল নারীকে সম্মাননা দিল বিএনএনআরসি

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়নের ১২ জন সংগ্রামী, উদ্যোক্তা ও মানবিক নারীকে সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। 

অনুষ্ঠান বাস্তবায়নে স্থানীয় সংগঠন নিষ্ঠা উন্নয়ন সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বুধবার ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জেলা রোভার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, নারী নেত্রী এডভোকেট লীলা রায়।

অনুষ্ঠানে ‘গ্রামীণ নারীর উদ্যোগে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য তুলে ধরে দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন বিএনএনআরসি’র ময়মনসিংহ ফোকাল পার্সন, সাংবাদিক স্বাধীন চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সর্দার ও অধ্যক্ষ কাব্য সুমী সরকার।

বক্তারা বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে গ্রামীণ নারীরা সমাজের মূল চালিকাশক্তি। সংসার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাদের মজুরিবিহীন শ্রম, নিষ্ঠা ও মানবিকতা অমূল্য সম্পদ। তাই ঘরোয়া ও সামাজিক জীবনে তাদের অবদানকে মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্ত ১২ জন নারী তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন— সমাজসেবা, নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রজনন স্বাস্থ্যসেবা, সমাজকর্ম ও জীবনসংগ্রামী মনোভাবের মাধ্যমে।

সম্মাননা প্রাপ্তরা হলেন, চর সিরতা ইউনিয়ন: উমা রানী চৌধুরী (সমাজসেবা), শিউলী আক্তার (জীবনসংগ্রামী), চর নিলক্ষীয়া ইউনিয়ন: হালিমা খাতুন (প্রজনন স্বাস্থ্যসেবা), আনোয়ারা খাতুন (সমাজকর্ম), চর ঈশ্বরদিয়া ইউনিয়ন: হোসনা আক্তার (নারী উদ্যোক্তা ও জীবনসংগ্রামী), আমিনা খাতুন (জীবনসংগ্রামী), ভাবখালী ইউনিয়ন: মোছা. ফরিদা ইয়াসমিন (সমাজসেবা), রিনা আক্তার (জীবনসংগ্রামী), খাগডহর ইউনিয়ন: রীতা রানী বর্মন (জীবনসংগ্রামী), মোছা. তাহসিনা আক্তার রূপসী (উদ্যোক্তা ও সমাজকর্মী), দাপুনিয়া ইউনিয়ন: মোছা. জমিলা খাতুন (প্রসবকালীন সেবা), মোছা. রাজিয়া খাতুন (উদ্যোক্তা)।

বিএনএনআরসি’র ফোকাল পার্সন স্বাধীন চৌধুরী বলেন, “গ্রামীণ নারীরা কেবল সমাজের অবহেলিত অংশ নয়, তারা উন্নয়ন প্রক্রিয়ার মূল অংশীদার। আমরা চাই তাদের নেতৃত্ব ও অবদান জাতীয় পর্যায়ে আরও দৃশ্যমানভাবে প্রতিফলিত হোক।”

অনুষ্ঠানে নারীর অধিকার, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও বাজারসংযোগে সুযোগ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শেষপর্যায়ে সম্মাননা প্রাপ্ত নারীরা তাদের জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প শেয়ার করেন, যা উপস্থিত সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

ইএইচ