এস এম মামুন মিয়া

দুঃসময়ে রাজপথে থাকা নেতাকর্মীরাই দলের প্রকৃত সম্পদ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৮:৩০ পিএম
দুঃসময়ে রাজপথে থাকা নেতাকর্মীরাই দলের প্রকৃত সম্পদ

“আমি কোনো বড় নেতা নই, আমি মাঠের কর্মী। সুখে–দুঃখে, আন্দোলন–মিছিলে, মামলা–হামলার ঝুঁকিতে আপনাদের সাথে ছিলাম। কর্ণফুলীর ত্যাগী ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাইরে রেখে কেউ দল চালাতে চাইলে কখনো সফল হবে না” সমাবেশে বক্তৃতায় এমন মন্তব্য করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া।

শুক্রবার বিকেলে কর্ণফুলী ক্রসিং থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ঢাক–ঢোল, ব্যানার–ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সমাবেশে মামুন মিয়া বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী–জনতা এক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে এসেছিল এবং গণতন্ত্র রক্ষায় রক্ত দিয়েছিল। আজ আমরা সেই আত্মোৎসর্গ ও চেতনা স্মরণ করছি।”

দলের প্রাথমিক তালিকা নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,
“ধৈর্য ধরুন। দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, লাঠি–গুলি–কোর্ট–কাছারি সামলেছেন—তারেক রহমান তাদের ভুলবেন না। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী মো. ওসমান, সালেহ জহুর, এস এম ফারুক হোসাইন, আব্দুল গফুর মেম্বার, সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, কামরুদ্দিন সবুজ, আবু তৈয়ব কন্ট্রাক্টর, এজাবত উল্লাহ, মনছুর উদ্দিন ও মো. সালাউদ্দিন।

এছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈন উদ্দীন টিপু, এ.টি.এম. হানিফ, শেখ আহমদ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের, মনির উদ্দিন মুন্সী, সেলিম খান, মাহমুদুর রহমান মান্না, আলমগীর বিন হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শফিউল করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মন্নান, সদস্য সচিব বাহারুল বাহার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনির উদ্দিন ও জেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশুসহ স্থানীয় নেতাকর্মীরা।

ইএইচ