কেন্দুয়ায় গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী কিচ্ছা উৎসব শুরু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০২:১২ পিএম
কেন্দুয়ায় গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী কিচ্ছা উৎসব শুরু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে গ্রামীণ লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী কিচ্ছা উৎসব। 

শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উৎসব চলবে রাতব্যাপী। আয়োজন করেছে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সর্বস্বর।

কিচ্ছা গানের ঐতিহ্য ধরে রাখতে এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত বয়াতী শিল্পীরা দিন-রাত কিচ্ছা গান পরিবেশন করবেন। তাঁদের মধ্যে রয়েছেন খ্যাতনামা পালা ও কিচ্ছা শিল্পী কুদ্দুস বয়াতী, সায়িক সিদ্দিকী, দিলু বয়াতী, আশিক বয়াতীসহ আরও অনেকে।

দিনব্যাপী এই আয়োজনে পরিবেশিত হবে নৈতিকতা, মানবতা ও সমাজজীবনের গল্পভিত্তিক কিচ্ছা গান ও পালাগান।

উৎসবের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গবেষক ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, লোকসংস্কৃতি আমাদের শেকড়ের পরিচয় বহন করে। কিচ্ছা গান শুধু বিনোদন নয়, এটি নৈতিক ও সামাজিক শিক্ষারও উৎস।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সংস্কৃতিকর্মী, শিল্পী ও বিপুল সংখ্যক দর্শক উৎসবে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

উৎসবের অন্যতম আয়োজক সর্বস্বর সম্পাদক আবুল কালাম আল আজাদ বলেন, আমাদের সংস্কৃতির অন্যতম শিকড় কিচ্ছা পালা নিয়ে কেন্দুয়াতে প্রথম বৃহত্তর আয়োজন। এই উৎসব সবার হৃদয় ছুঁয়ে যাবে।

তিনি আরও জানান, প্রতি বছর এ আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।

জেএইচআর