শরীয়তপুরে সুদের চাপে গৃহবধূর আত্মহত্যা

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:২১ পিএম
শরীয়তপুরে সুদের চাপে গৃহবধূর আত্মহত্যা

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে সুদের চাপ ও মানসিক নির্যাতনের জেরে দিলু বেগম (৫৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার সকাল ১০টার দিকে চর গাজীপুর গ্রামে নিজ ঘরের বারান্দায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিনদার হিসেবে দায়ভার নেওয়া সুদের টাকার জন্য দীর্ঘদিন ধরে দিলু বেগম ও তার স্বামী মজিদ মহালদার সুদচক্রের প্রধান লিটন মহালদারসহ কয়েকজনের মানসিক নির্যাতনের শিকার হন।

দিলু বেগমের স্বামী গণমাধ্যমকে জানান, প্রতিবেশী আবু মাদবর পাঁচ বছর আগে লিটন মহালদারের কাছ থেকে তিন লাখ টাকা সুদে ধার নেন। সুদের টাকা পরিশোধ করেও তা বেড়ে দাঁড়ায় প্রায় ১০ লাখ টাকায়। তিন মাস আগে আবু মাদবরকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় সুদচক্র। মজিদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হলেও পরিশোধের সময়সীমা বাড়ানো হয়। পরবর্তীতে আবু মাদবর পালিয়ে গেলে সুদচক্র মজিদের বাড়িতে গিয়ে তাকে ও তার স্ত্রীকে গালিগালাজ ও হুমকি দেয়। অপমান সহ্য করতে না পেরে দিলু বেগম আত্মহত্যা করেন বলে দাবি স্বামীর।

এ ঘটনায় এলাকাবাসীর দাবি, লিটন মহালদারের সুদচক্রের কারণে একাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মজিদ মহালদার।

পালং থানার (ওসি) হেলাল উদ্দিন জানান, ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে চন্দ্রপুর–সন্তোষপুর ফাঁড়িতে নথিভুক্ত হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর