দুদক কমিশনার

সরকারপ্রধান থেকে বিচার প্রধান, খতিব থেকে পুরোহিত দুর্নীতিতে ডুবে ছিল

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৪:১৯ পিএম
সরকারপ্রধান থেকে বিচার প্রধান, খতিব থেকে পুরোহিত দুর্নীতিতে ডুবে ছিল

দেশের সরকারপ্রধান থেকে শুরু করে বিচার প্রধান, বাইতুল মোকাররমের খতিব থেকে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী।

রোববার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনভর গণশুনানি আয়োজনের সময় তিনি এ মন্তব্য করেন।

কমিশনার আজিজী বলেন, “আপনাদের যুবক সন্তানেরা জীবন বাজি রেখে পথে নেমেছিল এবং অন্যায়ের প্রতিকার করেছে। এতো দুর্নীতির অভিযোগ এসেছে যে এখন আমরা সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারি না। একটা দুর্ঘটনা ঘটেছে, এটাকে সারানোর চাইতে দুর্নীতি যেন আর কেউ না করে, কোন কর্মচারী যেন দুর্নীতি করার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা নেওয়া দরকার। সেবা গ্রহীতারা পেছন থেকে আর্থিক সুবিধা দেয়ার প্রলোভন যেন না দেন। যারা সেবা গ্রহণের জন্য আসে, তাদেরও নৈতিক দায়বদ্ধতা থাকতে হবে; অন্যের অধিকার ক্ষুণ্ণ করার মাধ্যমে কোনো অতিরিক্ত সুবিধা নেওয়া ঠিক নয়। এতে দুটো ক্ষতি হয় যার প্রাপ্যতা ছিল তাকে বঞ্চিত করি এবং যে ব্যক্তি সেবা দিতে নিয়োজিত, তার সততা নিলামে উঠে যায়।”

তিনি আরও বলেন, “আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরকেও সংযমী হতে হবে। সেবা গ্রহীতাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন দেওয়া হয়। কিন্তু আমরা এটা ভুলে যাই। কখনো কখনো ক্ষমতাধর কারো প্রভাব থাকলে আমরা পথভ্রষ্ট হই। হতে পারে তিনি বড় ভাই, রাজনীতিবিদ বা অন্য কেউ। কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত না, সেই বড় ভাই একদিন হাত সরিয়ে নেবেন বা তিনিই একদিন থাকবেন না। অল্প কিছুদিন আগে এমন ঘটনা ঘটেছে, যার বড় সাক্ষী আপনি। তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

গণশুনানিতে অন্যদের মধ্যে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে সরকারি ও বেসরকারি ৪২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮১টি অভিযোগ জমা হয়, যার মধ্যে ১১৮টি শুনানি অনুষ্ঠিত হয়। অনেক গুরুত্বপূর্ণ অভিযোগের নিষ্পত্তিও হয়। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এ গণশুনানি আয়োজন করে।

ইএইচ