ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছে। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৪টা দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে এসব লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মো. রতন মিয়া (৩০) ও তার মেয়ে নরিয়া আক্তার (৭)। রতন ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। তার বাড়ী পাশ্ববর্তী শেরপুর জেলায়। তবে বিয়ের পর থেকে সে হালুয়াঘাটে শশুড়বাড়িতে বসবাস করে আসছিল।
হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় খাটের ওপর গলাকাটা অবস্থায় রতনের লাশ এবং মেঝেতে গলাকাটা অবস্থায় তার মেয়ে নরিয়ার লাশ পড়েছিল। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত রতনের স্ত্রী গলাও কিছুটা কাটা রয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধে মারামারির একপর্যায়ে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে- তা নিয়ে তদন্ত চলছে।
এদিকে লাশগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন