কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে গাজীপুর মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ সদর দফতর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোমবার পূবাইল থানায় পরিচালিত হচ্ছে বিশেষ মহড়া।
পূবাইল থানা পুলিশ জানায়, রাজনৈতিক কর্মসূচি সংক্রান্ত সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা রোধে থানা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়, বাজার, পরিবহন টার্মিনাল ও জনবহুল স্থানে পুলিশের টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, “১৩ নভেম্বরের কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। থানা এলাকার প্রতিটি পয়েন্টে পুলিশ তৎপর রয়েছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহে তৎপর।”
এসআই নাজমুল হক আরও জানান, চেকপোস্ট স্থাপন এবং রাতভর টহল কার্যক্রম অব্যাহত থাকবে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের তল্লাশিও চলছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা পুলিশি তৎপরতা ও উপস্থিতির কারণে নিরাপত্তা সচেতনতার উন্নতি হয়েছে বলছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি গুজব ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন