ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল প্রায় ৯ লক্ষ টাকা ও স্বর্ণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৯:২০ পিএম
ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল প্রায় ৯ লক্ষ টাকা ও স্বর্ণ

নওগাঁর মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সাধারণত তিন মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার দুই মাস পর দানবাক্স খোলা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় একটি বড় ও ১৪টি ছোট দানবাক্স থেকে ৮ লক্ষ ৭৮ হাজার ১৮ টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, একটি সোনার আংটি ও চারটি নাকফুল।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কুসুম্বা মসজিদ কমিটির সভাপতি আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা এবার দুই মাস ১০ দিন পর দানবাক্স খুলেছি। এবার দানবাক্সে ৮ লক্ষ ৭৮ হাজার ১৮ টাকা পাওয়া গেছে।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “কুসুম্বা শাহী মসজিদের দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখানে মানত করতে আসে। তাদের দেওয়া দানের টাকা দিয়ে মসজিদ ক্যাম্পাসে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। যেমন—মহিলাদের জন্য উন্মুক্ত নামাজঘর, তাবারক তৈরি রান্নাঘর সংস্কার, পরিচ্ছন্ন কসাইখানা তৈরি, দর্শনার্থীদের জন্য বসার সুব্যবস্থা, ক্যাম্পাসের ভেতরে পাকা রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও মসজিদের পাশে ইসলামিক লাইব্রেরি ও কালচারাল রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। সেখানে একটি সমৃদ্ধ জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দর্শনার্থীরা কুসুম্বা মসজিদসহ বিভিন্ন মসজিদ সম্পর্কে জানতে পারবে।”

তিনি আরও বলেন, “দর্শনার্থী বাড়ানোর ক্ষেত্রে প্রথম দরকার নিরাপত্তা। তাই পুরো মসজিদ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। যাতে আগত দর্শনার্থীরা নির্বিঘ্নে নামাজ, কালাম ও মানতের কাজকর্ম সম্পন্ন করে নিরাপদে তাদের অবস্থানে ফিরে যেতে পারে।”

ইএইচ