কুড়িগ্রামে ‘সমাজ বিনির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৫:১৩ পিএম
কুড়িগ্রামে ‘সমাজ বিনির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

কুড়িগ্রামে ‘সমাজ বিনির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে আয়োজিত সভাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুড়িগ্রামের বিজ্ঞ বিচারকের সহযোগিতায় এবং কুড়িগ্রাম সাহিত্য পরিষদের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান সভাপতিত্ব করেন। উদ্বোধক ও শুভেচ্ছা বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুড়িগ্রামের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি কুমার বিশ্বাস।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর (অব.) ড. গাজী রহমান ডি.লিট, যিনি বিশিষ্ট কবি, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক হিসেবে পরিচিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও ছড়াকার মো. হাবিবুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আদালতের বিজ্ঞ সহকারী জজ মোহাম্মদ আয়াজ, পাবলিক প্রসিকিউটর এ্যাড. বজলুর রশিদ, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. ফখরুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক মো. আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান খন্দকার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন এবং কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিন।

বক্তারা সমাজকে মানবিক, নৈতিক ও সচেতন পথে এগিয়ে নিতে সাহিত্য ও সাহিত্যের স্রষ্টাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তারা বলেন, সাহিত্য সমাজের চেতনাকে জাগ্রত করে, মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সামাজিক পরিবর্তনের পথ দেখায়। বিশেষভাবে, সাহিত্য সমাজ নির্মাণে সৃজনশীল লেখনির গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি ও কবি-সাহিত্য ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুড়িগ্রামের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস।

জেএইচআর