ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের কোষা এলাকায় টাঙ্গন নদীতে বালুর ইজারাদারকে দীর্ঘ ৮ মাস পর বালুর সীমানা নির্ধারণ করেছেন উপজেলা ভূমি প্রশাসন।
বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সার্ভেয়ার মো. ওমর ফারুক ও অন্যান্য অফিস স্টাফ কোষা এলাকায় গিয়ে বালু ইজারাদার সিরাজুল ইসলামকে ১০.৮১ একর জমি থেকে বালু উত্তোলনের চৌহদ্দী বা সীমানা নির্ধারণ করেন।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের টাঙ্গন নদীতে ১৪৩২ বঙ্গাব্দ ও ৩০ শে চৈত্র পর্যন্ত ১ বছর মেয়াদে ১০.৮১ একর জমিতে বালু উত্তোলনের জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক নওগাঁ জেলার শিমলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ সিরাজুল ইসলামকে ইজারা প্রদান করেছিলেন।
তবে বালু উত্তোলনের প্রথম দিন থেকেই নির্ধারিত সীমানা বা চৌহদ্দী না থাকায় ইজারাদার গত ৮ মাস ধরে উপজেলার টাঙ্গন নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করেছেন। এতে নদীর ক্ষয়, নাকাটি ব্রিজ ও প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি ঘটেছে। বিষয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ হিসেবে প্রকাশিত হলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার নির্দেশে উপজেলা ভূমি প্রশাসন ইজারাদারকে ইজারাকৃত নির্ধারিত স্থানে বালু উত্তোলন করার সীমানা নির্ধারণ করেন।
বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় জেলা ও উপজেলা ভূমি প্রশাসনকে এলাকার সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা সাধুবাদ জানিয়েছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এ বিষয়ে বলেন, “আমি এসিল্যান্ডকে এই ইজারাদারকে তার সীমানা বা চৌহদ্দী নির্ধারণ করার কথা বলেছি। তারা গিয়ে তা নির্ণয় করেছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন