নরসিংদীতে হাজিরা দিয়ে আদালত থেকে ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। হামলার শিকার আহত ছাত্রদল নেতাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এই ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন (২৮) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার এমরান মিয়ার ছেলে।
আহতের পিতা এমরান মিয়া ও পরিবারের সদস্যরা জানান, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলেই অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটুনি দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ৪টি সেলাই ছাড়াও পুরো শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, আহত ব্যক্তিরই অপর প্রতিপক্ষ জজকোর্টের তিন নম্বর গেট এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে আহত করেছে। পরে কোর্ট পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন