ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও বিশিষ্ট বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খালা পাগলীর মেলা’তে পালা গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।
প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে মুফতি আবদুল্লাহ বাদি হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন