বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে মানিকগঞ্জে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভের পাশাপাশি মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাউলদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।
রোববার বেলা পৌনে ১১টার দিকে শহরের দক্ষিণ সেওতা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল আলীম, আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম ও বরঙ্গাখোলা আব্দুল আলীম। অপর পক্ষের একজন আহত হলেও তার নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ৯টায় আবুল সরকারের শাস্তির দাবিতে তৌহিদী জনতার ব্যানারে আলেম সমাজ বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি দেয়। অন্যদিকে, বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বাউল শিল্পিরা। পাল্টাপাল্টি এ দুটি কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়।
আলেম সমাজ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের পাশে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়।
এ সময় কয়েকজন আবুল সরকার সমর্থককে দেখতে পেয়ে তৌহিদী জনতা ধাওয়া করে। প্রাণ বাঁচাতে অনেক সমর্থক পুকুরে ঝাপ দিয়ে আশ্রয় নেন আশপাশের বাড়িতে। ওই চারজনকে ধরে মারপিট করা হয়। এতে তারা গুরুতর আহত হন। বাউল সমর্থকদের ছোঁয়া ইটপাটকেলে আহত হয়েছেন তৌহিদী জনতার একজন আন্দোলনকারী।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে বিক্ষোভকারীরা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
হেফাজত ইসলামের জেলা শাখার অর্থক বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান বলেন, “আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমরা শান্তভাবে ঘরে ফিরে এসেছি। যদি আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এই জেলার অশান্তির দায় প্রশাসনকে নিতে হবে।”
রাজু সরকার নামে এক বাউল বলেন, “হেফাজত ইসলামী হামলা চালিয়ে ৪ জন নিরিহ বাউল সমর্থককে গুরুতর আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একই সাথে আবুল সরকারের মুক্তি চাই।”
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন জানান, বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। অন্যদিকে, আবুল সরকারের ভক্তরা তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। তৌহিদী জনতার ব্যানারে আন্দোলনকারীরা বাউল সমর্থকদের ওপর হামলা চালায়, এতে তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি পালা গানের আসরে আল্লাহ সম্পর্কে কটূক্তির অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মুফতি আব্দুল্লাহ মামলাটি দায়ের করেন। পরে আদালত ১৬৪ ধারায় জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার তার জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেনি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন