বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শরীয়তপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) নির্বাচনের আয়োজন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শরীয়তপুর সদর পৌরসভার অডিটরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মোট ভোটার সদস্য সংখ্যা ৮২৪। সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডিসি জেনারেল মোহাম্মদ ইমরুল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অনিক ঘটক চৌধুরী ও মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাস্টার আলী আকবর মিয়া।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ১৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন এডভোকেট হেলাল উদ্দিন আখন্দ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল হোসেন সরদার ১৪২ ভোট পান।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। সহ-সভাপতি পদে ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন মো. মুজিবুর রহমান মাদবর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা খলিলুর রহমান ১৬৯ ভোট পান।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন প্রার্থী। পাঁচজন প্রার্থী বিজয়ী হন। তারা হলেন, আলী আহমদ মোল্লা, ৩৪০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। মো. রিংকু তালুকদার, ৩২০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। বিএম কামরুল হাসান, ৩১২ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। মো. জাহাঙ্গীর আলম (বাবুল), ৩০২ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন। অ্যাডভোকেট এনামুল হক, ২৪৫ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন