খালেদা জিয়াকে জেলের ভেতরে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করা হয়েছে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৫:১৬ পিএম
খালেদা জিয়াকে জেলের ভেতরে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করা হয়েছে: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গত দিনে জেলের ভিতর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছিলেন ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা।

শুক্রবার বাদ জুম্মা শহরের বেবী স্ট্যান্ড কবরস্থান মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় টুকু বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের প্রিয় নেত্রী মাদার অব ডেমোক্রেসি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে তুলুন।

তিনি বলেন, তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের জন্য এবং অধিকার আদায়ের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই নেত্রী অসুস্থ অবস্থায় এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন।

টুকু আরও বলেন, বিগত দিনে অন্যায়ভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছয় বছর জেলে নির্যাতন করেছেন। সেই নেত্রী আজ অসুস্থ অবস্থায় রয়েছেন। আমাদের প্রিয় নেত্রী যখন জেলে গিয়েছিলেন তখন সুস্থ অবস্থায় ছিলেন। বের হয়েছেন অসুস্থ অবস্থায়। জেলখানায় কি করা হয়েছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন জানেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা সৈয়দ শহিদুল আলম টিটু প্রমুখ।

ইএইচ