নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজিমউদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মধ্যবয়সী শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার সকালে ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে বাইশটেকি গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন ওই নারীর ঘরে ঢুকে অশোভন আচরণ ও জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজিমউদ্দিন দৌড়ে পালিয়ে যান।
ভুক্তভোগী নারী ও স্থানীয়রা জানান, তার স্বামী মারা যাওয়ার পর তিনি বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে ছেলেমেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানালে ‘বিচার হবে’ আশ্বাস ও হুমকি দিয়ে চার দিন ধরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় একটি মহল, অভিযোগও করেছেন তিনি। আজ পুলিশের সহায়তায় তিনি মামলা করতে আসেন।
এ বিষয়ে এলাকাবাসী আরও বলেন, "আজিমউদ্দিন বিএনপি দলের কর্মী। সে দলীয় প্রভাব দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে, ইতিপূর্বে সে আরও দুই-একটি নারীঘটিত কাজ করেছে, স্থানীয়ভাবে সেগুলো মীমাংসা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এসে নারীটিকে থানায় নিয়ে গেছে।" তারা ন্যায়বিচার দাবি করেন।
এদিকে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিন মোবাইল বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি বলে জানা গেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, "পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।"
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন