দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক তার ও তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৩০ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপন করেছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে।
তিনি জানান, প্রায় আড়াই মাস আগে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ কোতোয়ালপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে পরকীয়া প্রেমের জেরে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য নিহত মাহাফিজুল ইসলামের ছেলে সজীব ইসলামকে ভুল তথ্য দিয়ে প্ররোচিত করে এবং তাকে দিয়ে ওই হত্যাকাণ্ডে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা এ জেড এম মেনহাজুল হক এবং তার ভাই সংসদ সদস্য পদ প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হকের নাম জড়ানো হয়।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে তিনি ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন