ভূঞাপুর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিচ্ছেন দপ্তরি ও শিক্ষার্থীরা

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৩:৩৭ পিএম
ভূঞাপুর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিচ্ছেন দপ্তরি ও শিক্ষার্থীরা

সারাদেশে তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করছেন টাঙ্গাইলের ভূঞাপুরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ফলে সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় বিরূপ প্রভাব পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ স্কুলের প্রধান শিক্ষক, দপ্তরি, অভিভাবক ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষকের দায়িত্ব পালন করাচ্ছেন।

অভিভাবকরা বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাদের কর্মবিরতি চলমান অবস্থায় আমাদের বাচ্চাদের পরীক্ষা হচ্ছে। শিক্ষকরা পরীক্ষার হলে না থাকায় বাচ্চাদের পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে। আমরা চাই শিক্ষকরা দ্রুত পরীক্ষার হলে ও ক্লাসে ফিরে আসুক।

ভূঞাপুর উপজেলাধীন গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান বলেন, সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি থাকায় তৃতীয় প্রান্তিক পরীক্ষা পরিচালনা করতে একটু সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের দপ্তরি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সহকারী শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রধান শিক্ষকদের বার্ষিক পরীক্ষা চালু রাখতে বলা হয়েছে। এ জন্য তারা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, বিদ্যালয়ের সাবেক ছাত্র ও দপ্তরি নিয়ে পরীক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন।

ইএইচ