রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকির ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতা মো. মেহেদী হাসান ও সোয়াইব আহমেদকে সাময়িকভাবে সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। একইসঙ্গে দুই নেতাকে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে—কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতেই এই ব্যবস্থা। সময়মতো যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত গত সোমবার, রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলার নতুন কমিটির পরিচিতি সভায়। সভা পণ্ড করতে সেখানে হাজির হন মেহেদী ফারাবি, সোয়াইব আহমেদসহ কয়েকজন নেতা। তারা অভিযোগ ওঠান, নতুন জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম নাকি আওয়ামী লীগঘনিষ্ঠ তাই তার পদত্যাগ দাবি করেন।
সাংবাদিকরা সাইফুল ইসলামের বক্তব্য নিতে সম্মেলনকক্ষে প্রবেশ করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন সোয়াইব ও মেহেদী। প্রবেশ করেই সোয়াইব সাংবাদিকদের উদ্দেশে হুমকি দেন: “এটা যদি এখনই বন্ধ না করেন, আপনাদের তালা মেরে দেব। পায়খানা-প্রস্রাব এখানেই করতে হবে।” ফারাবি যোগ করেন: “এত লোক বাইরে বসে আছে, এখানে ফাইজলামি করছেন নাকি?” সাংবাদিকরা আপত্তি জানালে সোয়াইব আরও বলেন: “এখনই বন্ধ না করলে আপনাদেরও তালা মেরে দেব।”
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়। রাতেই তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (রাজশাহী) এবং রাজশাহী এডিটরস ফোরাম। সংগঠনগুলো এটিকে স্বাধীন সাংবাদিকতার ওপর প্রকাশ্য হুমকি বলে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা দাবি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ও সাংবাদিক সংগঠনগুলোর কঠোর অবস্থানের পরই জাতীয় যুবশক্তি তাদের দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন