রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর-রশীদ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:৩৩ পিএম
রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর-রশীদ

অবশেষে ঘোষণা করা হলো রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থীর নাম। ধানের শীষের মনোনয়ন পেলেন রাজবাড়ী জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশীদ।

বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনের মনোনয়ন ঘোষণা করেন।

মনোনয়ন প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মো. হারুন-অর-রশীদ বলেন, “নির্বাচনে মনোনয়ন প্রতিযোগিতা শেষ হয়েছে। এখন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এক সঙ্গে কাজ করতে হবে। আমরা সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামব।”

তিনি নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে আরও বলেন, “কোনো রং ছিটানো, আনন্দ মিছিল কিংবা উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। কাউকে কষ্ট দেয় এমন কাজ করা যাবে না। সবাই নফল নামাজ পড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করবেন।”

রাজবাড়ী-২ আসনের প্রার্থী মো. হারুন-অর-রশীদ ১৯৭০ সালের ১ জুলাই পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম মতিয়ার রহমানের পুত্র। ইতিপূর্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপি'র প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও ২ বার রাজবাড়ী জেলা বিএনপি'র দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইএইচ