ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু সোনাইমুড়ীতে

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৪৮ পিএম
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু সোনাইমুড়ীতে

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবেশীর পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল হুদা (৫১) নামের এক কাতারপ্রবাসীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ৮টার দিকে নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিবপুরের রিয়াজ নামে এক ব্যক্তি ধানের বীজতলা রক্ষায় ইঁদুর মারার জন্য রাতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। সকালে নুরুল হুদা নিজের বীজতলা দেখতে গিয়ে ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর রিয়াজ পলাতক রয়েছেন।

নিহতের শ্যালক পারভেজ আলম জানান, হুদা কিছুদিন আগে কাতার থেকে দেশে ফিরেছিলেন এবং ১২ ডিসেম্বর তার সৌদি আরবে যাওয়ার ফ্লাইট নির্ধারিত ছিল। তিনি আরও বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ না দিলেও পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে। প্রয়োজনে পরিবার চাইলে নিয়মিত মামলাও করা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেএইচআর