বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে হরিজন জনগোষ্ঠীর মানববন্ধন

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:২৪ পিএম
বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে হরিজন জনগোষ্ঠীর মানববন্ধন

বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা কঠোরতা শিথিল করে দক্ষতা ভিত্তিক পরীক্ষা পদ্ধতি প্রণয়ন করে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে লালমনিরহাট হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হরিজন জনগোষ্ঠীর শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

এ সময় হরিজন জনগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন, তারা বলেন অবিলম্বে এই নিয়োগ পরীক্ষা বাতিল করে জাত সুইপারকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। তারা বলেন ৪৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করলেও একজনকেও পরীক্ষায় পাশ দেখায়নি জেলা প্রশাসক। এসময় তারা আরও বলেন, স্বজনপ্রীতি করে এই নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী পলি বাশফোড় জানায়, "লিখিত পরীক্ষায় আমরা ৪৫ জন পরীক্ষা দিয়েছি একজনকে ও নেওয়া হয়নি।"

লালমনিরহাট হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৈলাস বাঁশফোড় বলেন, "হরিজন সম্প্রদায়ের মানুষজন তাদের ন্যায্য দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করছেন। পরিচ্ছন্ন কর্মী হিসেবে যে পরীক্ষা নেওয়া হয়েছে তা বাতিল করে অবিলম্বে পুনরায় পরীক্ষা নেওয়া হোক।"

ইএইচ