বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর শাখার পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর। রোববার সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদেরকে শোকজ করা হয়।
শোকজপ্রাপ্তরা হলেন- মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বিভা ও মোতালেব হোসেন, যুগ্ম সদস্য সচিব নাহিদুজ্জামান রাজু, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার এবং সদস্য শুয়াইব আহমেদ।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৩ ডিসেম্বর ও পরবর্তী কয়েক দিন রাজশাহীতে একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তাদের বিরুদ্ধে কেন্দ্রের নজরে এসেছে। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেও নোটিশে বলা হয়।
এ ঘটনায় কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক আল আশরারুল ইমাম বলেন, দুপুরে কেন্দ্রীয় দপ্তর থেকে তাদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্র কীভাবে বিষয়টি জেনেছে সে সম্পর্কে আমরা অবগত নই। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারেই নোটিশ জারি করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন