গোপালগঞ্জ-২ আসনে বিএনপির জনপ্রিয় প্রার্থী ডা. কে এম বাবর সাহাপুর ইউনিয়নে সাধারণ মানুষের সাথে নিবিড় সংযোগ গড়ে তুলছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সাহাপুর ইউনিয়নের দিঘির পাড় গ্রামে এক বিশাল উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি।
রোববার বিকেলে দিঘির পাড়ের শান্ত পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ডা. কে এম বাবর মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। তিনি কোনো দূরত্ব না রেখে স্থানীয় মুরুব্বি ও যুবকদের পাশে বসে তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন। গ্রামের খেটে খাওয়া মানুষ তাদের প্রিয় নেতাকে এত কাছে পেয়ে নিজেদের মনের কথা খুলে বলেন।
বৈঠকে ডা. কে এম বাবর বলেন, "আমি নেতা নই, আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের মতামতের গুরুত্ব থাকবে। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আপনারা পরিবর্তন চান।"
তিনি দিঘির পাড় গ্রামসহ পুরো সাহাপুরবাসীকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী ডা. বাবরের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখছেন বলে জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন