বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে ইসলামিক রিলিফ বাংলাদেশের সীড প্রকল্পের ছয়জন নারী অধিকারভোগীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে।
কাউনিয়া উপজেলা থেকে ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন মিনারা আক্তার।
এদিকে পীরগাছা উপজেলায় সমাজ উন্নয়ন, সফল জননী, শিক্ষাক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক অগ্রগতি এবং নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু এই পাঁচটি ক্যাটাগরিতে সম্মানিত হন সকিনা বেগম, মোছা. মনজিলা, নুরুন্নাহার খাতুন, মোছা. শেফালি বেগম ও হাসি আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হাসি আক্তার বলেন, "পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। কখনো ভাবিনি, আমার লড়াই অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।"
বেগম রোকেয়া দিবসকে ঘিরে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামিক রিলিফের কর্মকর্তা ও অধিকারভোগীরা সকালেই বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন। পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা, আত্মনির্ভরতা ও নেতৃত্ব বিকাশে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সীড প্রকল্পের কো-অর্ডিনেটর শাহাজাদা শরীফ বলেন, "রোকেয়া দিবস ২০২৫ এবং ১৬ দিনের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি আরও জোরদার করছি।"
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সেলোয়ারা বেগম পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় নারীর নিরাপত্তা, সামর্থ্য ও সামাজিক সক্ষমতা বৃদ্ধির প্রতি জোর দেন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তারা, অধিকারভোগী নারী এবং স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন