কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। পৌষ শুরুর আগেই হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা কুড়িগ্রাম। শীতের দাপটে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ৫ দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াস এ ওঠানামা করছে।
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। এসময় উত্তরীয় হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকায় উত্তাপ ছড়াতে পারছে না। ফলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় বেশি কষ্টে পড়েছে শ্রমজীবী মানুষজন।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁচিচর ইউনিয়নের ভ্যান চালক কুদরত আলী (৫৫) বলেন, "আজ অতিরিক্ত ঠান্ডার কারণে সকালে গাড়ি নিয়ে বের হওয়া যায় না। ঠান্ডায় হাত-পা অবশ হয়, তারপরেও বের হলাম, গাড়ি না চলালে পেট চলবে কিভাবে।"
কুড়িগ্রাম সদর উপজেলা মোগলবাসা থেকে আসা বদিউল ইসলাম (৪৫) বলেন, "আমার ছেলের কয়েক দিন থেকে জ্বর, সর্দি। ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে এসেছি।"
তবে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, "জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা এখনও তেমন বাড়েনি। এরপরও বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন যে রোগীরা আসছেন তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।"
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন