দেশে ব্যবসা শাটডাউনের মতো চতেছে: চেম্বার প্রেসিডেন্ট

আইয়ুব খান সরকার, নরসিংদী প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:৫৮ পিএম
দেশে ব্যবসা শাটডাউনের মতো চতেছে: চেম্বার প্রেসিডেন্ট

'দেশে ব্যবসা শাটডাউনের মতো চলতেছে, যতোক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসবে এ বাজার ঠিক হবে না' বলে মন্তব্য করেছেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু। 

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ আয়োজিত জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, "ব্যবসা যদি বাঁচে এ দেশ বাঁচবে। নরসিংদী অচল হলে, দেশটাও অচল হবে। নরসিংদীর ব্যবসায়ীরা দেশের জিডিপি এবং উন্নয়নে বড় ভূমিকা রাখে।"

রাশেদুল হাসান বলেন, "বাংলাদেশে যত শিল্পকারখানা আছে, স্পিনিং সেক্টর, উইভিং সেক্টর, কেউ-ই ভালো অবস্থানে নাই। বন্ডের কাপড় এবং সুতার জন্য নরসিংদীর ব্যবসা ধ্বংসের প্রান্তে। নরসিংদীর ব্যবসাগুলো আজকে বন্ধের পথে চলে আসছে।" সুতার অপব্যবহার বন্ধ করে যথাযথ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। ব্যবসা ভালো হলেই, ভ্যাট আহরণ ভালো হবে বলে তিনি বলেন।

এসময়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, যুগ্ম কমিশনার মো. রিয়াজুল ইসলাম, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া।

ইএইচ