পারিবারিক কলহের জেরে বাঞ্ছারামপুরে নারীর আত্মহত্যা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৮:৩৭ পিএম
পারিবারিক কলহের জেরে বাঞ্ছারামপুরে নারীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে কেরির বড়ি সেবন করে আমেনা নামে এক নারী আত্মহত্যা করেছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার সেকেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় আট মাস আগে সেকেরকান্দি গ্রামের মো. মোয়াজ্জেমের ছেলে সৌদি প্রবাসী মামুনের সঙ্গে আমেনার বিয়ে হয়। বিয়ের পর প্রবাস থেকে ফিরে আসার পর থেকেই দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। বিষয়টি ঘিরে দুই পরিবারের মধ্যে উত্তেজনাও বাড়তে থাকে।

আমেনার পরিবারের অভিযোগ, মামুন মাদকাসক্ত হয়ে পড়লে তারা মেয়েকে বাবার বাড়িতে নিয়ে যান। চার মাস পরে আমেনাকে বুঝিয়ে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যান। পরে মামুন ও তার পরিবারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে আমেনা কেরির বড়ি সেবন করেন। গুরুতর অবস্থায় তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্টোমাক ওয়াশ করেও তাকে বাঁচানো যায়নি।

এ বিষয়ে আমেনার মা সাবিনা বেগম অভিযোগ করে বলেন, "আমার মেয়েকে জামাই, শাশুড়ি আর ননদের অত্যাচারেই মরতে হলো। বিয়ের পর থেকেই তারা নির্যাতন করত। স্বর্ণালংকারও রেখে দেয়। আজ শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে আবার মারধর করেছে। তারাই আমার মেয়েকে কেরির বড়ি খাইয়ে মেরে ফেলেছে।"

বাঞ্ছারামপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, "অভিযোগ পেয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ