ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি  প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:০৫ পিএম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগানে বাগেরহাট শহর মুখরিত হয়ে ওঠে। মিছিলকারীরা দাবি করেন, ওসমান হাদির ওপর এই গুলিবর্ষণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি গভীর ষড়যন্ত্র।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, যুগে যুগে যারা গণতন্ত্র ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, তারাই এ ধরনের হামলার সঙ্গে জড়িত। ওসমান হাদির ওপর গুলিবর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেএইচআর