পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে চান বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জামান।
শনিবার বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা অডিটোরিয়ামে 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত ওয়ার্কশপ ও মতবিনিময় সভা'য় তিনি এই মন্তব্য করেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জমান বলেন, মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট প্রদান করতে পারে, এটা আমি নিশ্চিত করতে চাই এবং সেই পরিবেশ বজায় রাখব।
তিনি পঞ্চগড় জেলায় সকল দলের প্রার্থীদের সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করার কথা জানান। জেলা প্রশাসক বলেন, তিনি চান পঞ্চগড় জেলা থেকে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সারাদেশে ছড়িয়ে পড়ুক।
জাতীয় সংসদের নির্বাচন সংক্রান্ত আচরণবিধি ও গণভোট বিষয়ে এই মতবিনিময় সভায় পঞ্চগড়-২ আসনের সম্ভাব্য প্রার্থী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান আসন্ন নির্বাচনে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। তিনি আরও অবহিত করেন যে, প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য প্রশাসন সর্বদা সবার পাশে থাকবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মনজুরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সেলিম মালিক, উপজেলা নির্বাচন অফিসার রাশেদ খান প্রমুখ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন