নরসিংদীকে নিরাপদ ও বাসযোগ্য করার অঙ্গীকার নবাগত পুলিশ সুপারের

নাজমুল হাসান, নরসিংদী মাল্টিমিডিয়া প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:১৫ পিএম
নরসিংদীকে নিরাপদ ও বাসযোগ্য করার অঙ্গীকার নবাগত পুলিশ সুপারের

নরসিংদীর নবাগত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। 

বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ব্যবসা, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন এবং নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “পুলিশ ও সাংবাদিক একসূত্রে গাঁথা। সাংবাদিকরা সমাজের আয়না এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা পুলিশকে আইন-শৃঙ্খলার উন্নয়নে বড় ধরনের সহায়তা করতে পারেন।” তিনি আরও আশ্বস্ত করেন যে, পুলিশের কাজে সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করা হবে।

তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংবাদিকদের সহযোগিতায় নরসিংদী জেলাকে মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সভায় নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবাগত এই পুলিশ সুপার এর আগে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

ইএইচ