এলেঙ্গায় বিএসটিআইয়ের অভিযান: তিন বেকারিকে সোয়া লাখ টাকা জরিমানা

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:০৬ পিএম
এলেঙ্গায় বিএসটিআইয়ের অভিযান: তিন বেকারিকে সোয়া লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় অনুমোদনহীন ও মানহীন খাদ্যসামগ্রী বিক্রির দায়ে তিনটি বেকারি ও মিষ্টান্ন ভাণ্ডারকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অপরাধে এসব জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের সার্টিফিকেশন ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে মারহাবা এ ওয়ান বেকারি, তাজমহল বেকারি এবং মামা-ভাগ্নে মিষ্টান্ন ভাণ্ডারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। প্রতিষ্ঠানগুলো সরকারি নিয়ম অমান্য করে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল, যা ভোক্তা অধিকার ও বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান চলাকালে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার এবং কালিহাতী থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ইএইচ