আল মামুন

জুলাই যোদ্ধারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে

রংপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:২৫ পিএম
জুলাই যোদ্ধারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে

জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদীকে গুলি করার ঘটনাকে দেশের সকল জুলাই যোদ্ধাদের ওপর আঘাত হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষও আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

বুধবার রাতে রংপুরের গঙ্গাচড়ায় ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে উপজেলা এনসিপি আয়োজিত মশাল মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আল মামুন তার বক্তব্যে বলেন, আমরা যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, তারাই এই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছি। তাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এই সরকারকেই জবাবদিহি করতে হবে। দেশে একের পর এক হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা ঘটছে। খুনিরা নির্বিঘ্নে অপরাধ করে সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে, আর সরকার নাটক করছে এটা মেনে নেওয়া যায় না।

অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সরকার হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটাক, নয়তো পদত্যাগ করুক। মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সমাবেশে রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার সাম্প্রতিক ঘোষণার সমালোচনা করে আল মামুন বলেন, রাঙ্গা নিজেই স্বীকার করেছেন তিনি শেখ হাসিনার লোক। তিনি আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছেন। জুলাই যোদ্ধারা তাকে রুখে দেবে। এছাড়া হত্যা মামলার আসামিরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব দাবি করেন তিনি।

এর আগে গঙ্গাচড়া সরকারি কলেজ মোড় সংলগ্ন এনসিপি কার্যালয় থেকে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে উপজেলার ৯টি ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। সমাবেশে উপজেলা এনসিপির সমন্বয়ক রিফাত চৌধুরীসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

জেএইচআর