যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের গুলিতে শাহাদাতবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জানাজার আয়োজন করা হয়।
উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র নেতা রশিদুল ইসলাম রিতমের পরিচালনায় জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান ধনীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, "শহীদ হাদি দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।" দেশ রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানাজায় বিএনপি, জামায়াত, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। নামাজ শেষে শহীদ হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন