দিপু দাসকে পুড়িয়ে হত্যা: রাজবাড়ীতে বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:০২ পিএম
দিপু দাসকে পুড়িয়ে হত্যা: রাজবাড়ীতে বিচার দাবিতে মানববন্ধন

ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পোড়ানোর প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর রাতে কথিত ধর্ম অবমাননার অজুহাতে দিপু চন্দ্র দাসকে পৈশাচিক কায়দায় হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গুজব ছড়িয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অশোক কুমার সরকার, পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অনিন্দিতা বাণী গুহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সুবাস বিশ্বাস, সদস্য কৃষ্ণ কর্মকার, হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক রাজেশ কুমার মন্ডল এবং হরিসভা মন্দিরের সিনিয়র সহ-সভাপতি শ্যামল পোদ্দার প্রমুখ। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইএইচ